গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে এ টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ দল ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল প্রতিদ্বন্দ্বিতা করে। দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হবে আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় দল ও মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল। এ প্রতিযোগিতায় জেলার মোট চারটি দল অংশ নিচ্ছে।
খেলাকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং দর্শকদের উপস্থিতি টুর্নামেন্টকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শহীদ, সাংবাদিক, আম্পায়ার, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরও জানান, সারাদেশে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট আটটি খেলায় অংশ নিতে পারবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবে।
তিনি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে খেলার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরির পথ আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।