লক্ষ্মীপুরের কমলনগরে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান আলোচক ও অতিথিবৃন্দ ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।