গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে। এ সময় ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেংগরজানী গ্রামে নিজ বসতঘর থেকে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁর পরিহিত নীল রঙের লুঙ্গির ডান কোঁচরে থাকা নীল রঙের জিপারে সংরক্ষিত হালকা কমলা রঙের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৬, তারিখ ২০ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।