October 8, 2026, 6:58 pm

চার হত্যাকাণ্ড ঘটনাস্থলে নবাগত পুলিশ কমিশনার

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের বাসভবন ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মাহবুবুর রশীদ। আজ ২৮ আগস্ট শুক্রবার সকাল ১১টার দিকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে তিনি মাছুয়াপাড়ায় যান। সেখানে নিহত গণপতি চক্রবর্তীর বাসার ছাদ ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং ডিবি ও কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত পুলিশ কমিশনার বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে সুবিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি তদন্তে যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ কমিশনার বলেন, তদন্ত চলমান। আগের কমিশনার মহোদয় যেসব কথা বলেছেন, আমরা আপাতত সেই জায়গায় থাকতে চাই। নতুন কোনো ক্লু পেলে আমরা সেভাবে পদক্ষেপ নেব। সাক্ষ্য প্রমাণসহ প্রকৃত ঘটনা উদঘাটন করে আদালতে চার্জশিট দাখিল করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে রংপুরে মাদকের বিষয়ে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন নগরবাসী। শান্তিপূর্ণ নগরী গড়ে তুলতে পুলিশসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে মাহবুবুর রশীদ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে সদ্য সাবেক কমিশনার আবদুল মাবুদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরদিনই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। উল্লেখ্য, গত ২২ আগস্ট শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছিল, মাদক সেবনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে হত্যাকাÐের কারণ নিয়ে তদন্তে নতুন প্রশ্ন উঠেছে। গত ২৭ আগস্ট বৃহ¯পতিবার কমিশনার আবদুল মাবুদ মামলার অগ্রগতি তুলে ধরে জানান, পূর্বপুরুষের জমি ক্রয়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।