October 8, 2026, 7:38 pm

সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে সুন্দরগঞ্জে ১০ হাজার টাকা জরিমানা

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভ‚তভাবে সার মজুত রাখার দায়ে কুঞ্জ ট্রেডার্স নামে এক খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৪ আগস্ট সোমবার দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় কুঞ্জ ট্রেডার্সে নিয়মবহির্ভ‚তভাবে সার মজুতের সত্যতা পাওয়া যায়। পরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করে বলেন,অবৈধ সার মজুত,কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।