October 8, 2026, 6:13 pm

চলন্ত মোটরসাইকেলে ভিডিও করতে গিয়ে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

ভিডিও ভাইরাল হবে এমন প্রত্যাশা নিয়ে চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটর যুবক নিহত হয়েছে। আজ ১৭ আগস্ট সোমবার সকাল ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনটেন্ট ক্রিয়েটর শাওন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার দড়িদহ সরদারপাড়া গ্রামের শাবলু মন্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শাওন মিয়া দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন, অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও ধারণ করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট দিতেন। সোমবার সকাল ১১টার দিকে তিনি মোটরসাইকেল চালিয়ে ভিডিও ধারণ করছিলেন। এসময় তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহত যুবকের স্বজনদের সংবাদ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।