October 8, 2026, 6:59 pm

রংপুরের ডিআইজি হলেন মোহাম্মদ আবদুল মাবুদ

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। আজ ১২ আগস্ট বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদকে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে তার এই নতুন পদায়ন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। দেড় দশকেরও বেশি সময় ধরে তার পদোন্নতি থেমে ছিল। রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এক জুলাইযোদ্ধার বক্তব্যের প্রেক্ষিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি শান্ত করতে আবদুল মাবুদ বলেন, ইউনিফর্মের তোয়াক্কা না করে ৩ তারিখ প্রোফাইল পিকচার লাল করেছিলাম। রংপুরের কমিশনার ছিলো ফ্যাসিস্ট! সিনিয়র হওয়ার পরেও আমি পদোন্নতি পাইনি। তার আন্ডারে ছিলাম। ৪ তারিখ আমি ছেলে-মেয়ে নিয়ে রাস্তায় নেমেছি। জুলাই সকলের, কোনো রাজনৈতিক দলের নয়। এর আগে গত ২৯ জুলাই আরপিএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিগত সময়ে বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের আন্দোলনে ৫ আগস্ট যদি পটপরিবর্তন না হতো, তাহলে আমি পুলিশ কমিশনার হয়ে এখানে আসতে পারতাম না। গত ১৭ বছর আমি এডিশনাল এসপি ছিলাম। আমার ব্যাচমেটরা এই মেট্রোতে কমিশনার হিসেবে ছিল। বাট আমি ছিলাম এডিশনাল এসপি।