বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মাঠপর্যায়ে যাচাই করে সহায়তা প্রদান
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ২২টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছে মানবিক সংগঠন বিবিএম (B B M) ফাউন্ডেশন।
বন্যায় ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয় সংগঠনটি। সহায়তা প্রদানের আগে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল টানা দুই দিন উপজেলার বিভিন্ন বন্যাকবলিত ও দুর্গম এলাকা সরেজমিনে পরিদর্শন করে।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা মাঠপর্যায়ে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সবচেয়ে অসহায় ও প্রকৃত ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের তালিকা প্রস্তুত করেন। পরবর্তীতে যাচাই-বাছাই করা ওই তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের হাতে পুনর্বাসনের জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, এ সময় আরও উপস্থিত ছিলেন, বিবিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিন আহমেদ এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল ইসলাম শুভ, বিশিষ্ট সমাজসেবক এটিএম কফিল, সাংবাদিক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর অনেক পরিবার ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এ সংকটময় সময়ে সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবিএম ফাউন্ডেশন মাঠপর্যায়ে গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে পুনর্বাসনে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।
বিবিএম ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় ও বিপন্ন মানুষের পাশে থেকে ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।