October 8, 2026, 7:37 pm

সিরাজগঞ্জের রায়গঞ্জে চালকলের -বরাদ্দ নিয়ে অভিযোগ করায় ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি !!

রাশেদ লাল, সিরাজগঞ্জ প্রতিনিধি

রায়গঞ্জে চালকলের লাইসেন্স ও সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ করায় ব্যবসায়ীকে ভয়ভীতি, প্রাণনাশ ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী ব্যবসায়ী এসএম সোহাগ সরকার।

বৃহস্পতিবার সকালে শহরের বানিয়াপট্টিস্থ নিমন্ত্রণ হোটেলের নিচতলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী ব্যবসায়ী এসএম সোহাগ সরকার এক লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, রায়গঞ্জ উপজেলায় নিবন্ধিত চালকল রয়েছে ১৪২টি। এর মধ্যে অর্ধশতাধিক চাল কল দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পরও একই মিল বা চাতাল দেখিয়ে একাধিক লাইসেন্সের মাধ্যমে সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচিতে চাল সরবরাহের বরাদ্দ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও চালকল মালিকের যোগসাজশ রয়েছে বলে তিনি এসব অনিয়মের বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন। পরে এসব অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে চালকল মালিকদের একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়ে তাকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশ এবং চাঁদাবাজির মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে এজন্য তিনি রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।