October 8, 2026, 7:45 pm

গাইবান্ধায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর ইউনুস আলী (৪৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ ৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি এলাকায় নলেয়া নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহ¯পতিবার দুপুর ১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে নিখোঁজ হন তিনি। নিহত ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে। দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে ছিলেন তিনি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নলেয়া নদীতে মাছ শিকারে যান ইউনুস আলী। দীর্ঘসময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরে স্বজনেরা রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি পুলিশকে অবগত করেন। এরপর শুক্রবার রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ৭টা থেকে নলেয়া নদীর বিভিন্ন স্থানে উদ্ধার কার্যক্রম চালায়। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রগুনাথপুর মরাঘাটির প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নলেয়া নদী থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়। সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।