August 21, 2026, 11:24 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

দেশেই হবে পোশাক খাতের প্রযুক্তি-উদ্ভাবনের বড় প্রদর্শনী

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এরই অংশ হিসেবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ নামের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করবে এ দুই সংগঠন। এজন্য তাদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দুই সংগঠনের মতে, দেশের প্রধান রফতানি আয়ের উৎস টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শিল্পে রূপান্তরের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে শিল্পের সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতেও এটি সহায়ক হবে।

দেশি-বিদেশি খ্যাতিসম্পন্ন প্রদর্শনী আয়োজনকারী প্রতিষ্ঠানের সহায়তায় এ প্রদর্শনীতে অত্যাধুনিক টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, এআই প্রযুক্তি, অটোমেশন, ফ্যাশন ট্রেন্ড, প্রযুক্তি হস্তান্তর, নেটওয়ার্কিং, টেকসই ও সর্বাধুনিক শিল্প প্রযুক্তি তুলে ধরা হবে। সমঝোতা স্মারকের আওতায় প্রদর্শনীর সার্বিক পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হবে। এতে বিটিএমএ ও বিজিএমইএ থেকে পাঁচজন করে সমান প্রতিনিধিত্ব থাকবে।

বিটিএমএ ও বিজিএমইএ আশা প্রকাশ করেছে, যৌথ ব্যবস্থাপনায় ‘বিটমা’ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের সমন্বয়ে দেশের শিল্পখাতের বৈশ্বিক অবস্থান আরও সুদৃঢ় হবে।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এই উদ্যোগ কেবল একটি যন্ত্রপাতির প্রদর্শনী আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি বিটিএমএ এবং বিজিএমইএর জন্য দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম তৈরি করবে।

তিনি বলেন, ‘এই প্রদর্শনী কেবল উন্নত যন্ত্রপাতি কেনার সুযোগেই সীমাবদ্ধ থাকবে না। বরং এটি দেশের অর্থনৈতিক স্বার্থ এবং এই খাতের টেকসই উন্নয়নে বিজিএমইএ এবং বিটিএমএর যৌথভাবে কাজ করার একটি দারুণ সুযোগ তৈরি করবে।’

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশের বস্ত্র ও পোশাক খাতকে শক্তিশালী করার অভিন্ন লক্ষ্য নিয়ে বিটিএমএ এবং বিজিএমইএ বিগত প্রায় এক দশক ধরে একসঙ্গে কাজ করে আসছে। এই প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তারা বিদেশ সফর না করেই আন্তর্জাতিক বাজারের সর্বশেষ প্রযুক্তি সরাসরি দেখার সুযোগ পাবেন।