October 8, 2026, 9:08 pm

কেরালায় ভারী বৃষ্টিতে নিহত ১৫, নিখোঁজ ৭

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টি ও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন সাতজন।

সোমবার (৩ আগস্ট) কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এ তথ্য জানিয়েছেন। রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোট্টায়াম জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুঞ্জার বিধানসভা কেন্দ্রের দুজন এবং পানির ট্যাঙ্কে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া এর্নাকুলামে দুজন, ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে, কোল্লামে দুজন, মালাপ্পুরমে চারজন, কান্নুরে একজন এবং কোঝিকোড়ে একজন মারা গেছেন।

এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে কোল্লামে দুজন, কান্নুরে দুজন, মালাপ্পুরমে একজন এবং ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে নিখোঁজ রয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব শিবিরে বৃষ্টি ও বন্যায় বাস্তুচ্যুত ১১ হাজার ১৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। সূত্র: এনডিটিভি।