নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন।
র্যাব জানায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে আত্রাই থানাধীন আহসানগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আত্রাই চার রাস্তার মোড়ের দক্ষিণ পাশে হীরা মুক্তা ট্রেডার্সের সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. কাওছার প্রামাণিক (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভরতেতুলিয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার কাছ থেকে ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।