রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের অভিযানে ১১০পিস ইয়াবা ট্যাবলেটসহ মজনু মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মজনু মিয়া চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ উঠেছে। আজ ৩ আগস্ট সোমবার বিকালে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মজনু মিয়ার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ পৌরসভার চরচতুরা এলাকায় অভিযান চালিয়ে মজনু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আবু সাঈদ চৌধুরী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে সোমবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।