কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও সাজাওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহীদুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাসুম (৪৫)-কে ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৩ (তারিখ: ১৬ মে ২০০৯), পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৯৬/৩৪ ধারায় দায়ের করা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ফেনীর দাগনভূঞা এলাকায় অবস্থান করছে। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার দাগনভূঞা থানার সিলোনিয়া মাথা এলাকায় অভিযান পরিচালনা করে শহীদুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাসুম (৪৫)-কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলামের পিতা মৃত ফজলুল হক। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া এলাকায়।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।