October 8, 2026, 9:06 pm

সুন্দরগঞ্জে জলাবদ্ধতায় ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষ অনিশ্চয়তা

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ও চন্ডিপুর ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবস্থিত পান্তাপাড়া বিলে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চলতি মৌসুমে প্রায় ৫০০ হেক্টর কৃষিজমিতে আমন ধান চাষ অনিশ্চয়তার মুখে পড়েছে। সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করতে না পেরে হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জমির মালিকগণ। স্থানীয় কৃষক ও জমির মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে বিলের জমিতে জমে থাকা পানি নির্ধারিত সময়ে বের হতে না পারায় কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিবছর এই বিলের জমিতে আমন ধানের চারা রোপণ করা হলেও চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে অধিকাংশ জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান করা হয়নি। কৃষকগণ অভিযোগ করে বলেন, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এ বিষয়ে কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম বলেন, আন্তরিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা উদ্যোগ গ্রহণ করে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল। তবে স্থানীয় এক জমির মালিকের বাধার কারণে সেই উদ্যোগ সফল হয়নি। বিষয়টি সমাধানে আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সচেতন মহল মনে করেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে দ্রæত সমস্যার সমাধান না হলে শুধু কৃষকরাই নয়, এলাকার কৃষি উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে। এলাকাবাসীর দাবি, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রæত হস্তক্ষেপ করে বিলের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক, যাতে কৃষকরা সময়মতো আমন চাষ করতে পারেন এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। স্থানীয় কৃষকগণ বলেন, পান্তাপাড়া বিলের পানি দ্রæত নামানো না গেলে এবারের আমন মৌসুম আমাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।