চট্টগ্রামের পটিয়ায় ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে পটিয়া পৌরসদরের থানার মোড়ে অবস্থিত কেপিডিএল ক্রাউন সেন্টারের তৃতীয় তলায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর। মেলাটি আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।
মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন, দক্ষিণ জেলা জাসাসের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা আসমিন সুলতানা, মোহাম্মদ সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় গার্মেন্টস সামগ্রী, হাতে তৈরি বিভিন্ন পণ্য, কসমেটিকস, নারীদের ব্যবহার্য সামগ্রী, ফুচকা-ঝাল বিতানসহ নানা ধরনের পণ্যের প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে।
নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর বলেন, “নারীরা আজ আর শুধু পরিবারের গণ্ডিতে সীমাবদ্ধ নন; তারা দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এ ধরনের মেলার আয়োজন অত্যন্ত সময়োপযোগী। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এমন উদ্যোগ আরও বাড়াতে হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”
মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা আসমিন সুলতানা বলেন, এ মেলার মূল উদ্দেশ্য স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য ক্রেতাদের কাছে পরিচিত করে তোলা এবং তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা। তিনি সকলকে মেলায় এসে দেশীয় পণ্য ক্রয় করে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানান।