জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামে শহীদ মো. আরিফুল মিয়ার কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গাইবান্ধা জেলা শাখা।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সার্বিক নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা শহীদ আরিফুল মিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তারা শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির গাইবান্ধা জেলা আহ্বায়ক মো. খাইরুল আলম, জেলা সদস্য সচিব মো. মাসুদুর রহমান মাসুদ, পলাশবাড়ী উপজেলা আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান কালাম, উপজেলা সদস্য সচিব রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব। মোনাজাতে শহীদ আরিফুল মিয়াসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, শহীদ মো. আরিফুল মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুরের সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে আন্দোলনরত অবস্থায় আনসার সদস্যদের গুলিতে শহীদ হন। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর আত্মত্যাগকে স্মরণ করে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।