বোয়ালমারী উপজেলার গুনআহা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, স্বজনপ্রীতি, উন্নয়ন কর্মকাণ্ডে অবহেলা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছোট ভাই ও বিএনপি নেতা আবুল বাসার বিপ্লব।
সংবাদ সম্মেলনে বক্তব্যে আবুল বাসার বিপ্লব অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ইউনিয়নের নেতৃত্বে থাকলেও চেয়ারম্যান নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেসব বাস্তবায়ন করেন না। তিনি অভিযোগ করেন, ইউনিয়নের বহু এলাকায় এখনো কাঁচা রাস্তা রয়ে গেছে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত না থেকে ব্যক্তিগত পেশাগত কাজে অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। ফলে জন্ম নিবন্ধন, বিভিন্ন ভাতা, ঋণসহ নাগরিক সেবাগ্রহীতাদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।
সংবাদ সম্মেলনে আবুল বাসার বিপ্লব আরও দাবি করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে চেয়ারম্যানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে এবং নির্বাচন করতে চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি তাঁর দাবি, কিছু সন্ত্রাসী তাঁর প্রাণনাশের হুমকিও দিয়েছে।
এছাড়া খাল খননের নামে গাছ কাটাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করেন তিনি এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
সংবাদ সম্মেলনে আবুল বাসার বিপ্লব বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, গুনবহা ইউনিয়নের সাধারণ মানুষের স্বার্থে এসব অভিযোগ তুলে ধরছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিগত দিনে আবুল বাশার বিপ্লব গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন কিন্ত তার ভাই তার সাথে বেইমানির কারনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বলেও জানান। আসছে নির্বাচনে যদি বেচে থাকেন তিনি শত বাধার মুখেও নির্বাচন করবেনই বলে জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।