রংপুরে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ ১৩ জুলাই সোমবার সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে একশত রোগীর হাতে অনুদানের চেক তুলে দেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন প্রমুখ। এসময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর সমাজসেবা কার্যালয়ের তালিকাভুক্ত জটিল রোগে আক্রান্ত ৮০০ ব্যক্তির মধ্যে ২৫৬ জন ‘এ প্লাস’ ক্যাটাগরির রোগীর মাঝে অনুদানের চেক সরকারিভাবে বিতরণ করা হয়েছে। এবার বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ১০০ জন ‘এ প্লাস’ ক্যাটাগরির রোগীকে অনুদানের চেক দেওয়া হলো। যারা চেক পাচ্ছেন, তারা সবাই সমাজসেবার তালিকাভুক্ত। এখন পর্যন্ত জেলায় ‘এ প্লাস’ ক্যাটাগরির রোগীদের চেক বিতরণ করা শেষ হয়নি। আশা করছি দ্রুতই এটি সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে ছোট রোগের অপারেশন করতে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। অ্যানেসথেসিওলজিস্টের কাজ অন্য কেউ করায় রোগীর জ্ঞান ফিরছে না। চিকিৎসকদের দায়িত্বশীলতার জায়গা থেকে মানুষের প্রতি মানবিক হতে হবে। মানুষের প্রতি ভালো ব্যবহারসহ সহানুভূতিশীল হতে হবে।