সততা ও সেবার মাধ্যমে খামারি ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন
গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব তরুণ কুমার দত্তকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় চার বছর দায়িত্ব পালনের পর রোববার (১২ জুলাই ২০২৬ ) তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান সহকর্মী, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গাইবান্ধা সদরের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গাইবান্ধা ডা. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুদার রহমান সরকার, ভেটেরিনারি অফিসার রুহুল আমিন আল ফারুক এবং জেলা ট্রেনিং অফিসার ডা. রহমতুন্নবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রুহুল কবির রিয়াদ, ভেটেরিনারি সার্জন, গাইবান্ধা সদর।
বক্তারা বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে তরুণ কুমার দত্ত একজন সৎ, দক্ষ, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি খামারি, সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে প্রাণিসম্পদ সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করেছেন।
তারা আরও বলেন, গবাদিপশুর চিকিৎসা, খামারিদের বিভিন্ন পরামর্শ ও মাঠপর্যায়ের সেবায় তিনি সবসময় আন্তরিক ছিলেন। কোনো সমস্যা নিয়ে খামারি বা সাধারণ মানুষ তার কাছে এলে তিনি গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করতেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় রেখেও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম তুলে ধরতে সহযোগিতা করেছেন।
অতিথিরা উল্লেখ করেন, সততা, স্বচ্ছতা ও কর্মনিষ্ঠার কারণে তরুণ কুমার দত্ত গাইবান্ধা সদর উপজেলার খামারি ও সংশ্লিষ্ট মহলে একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। তার কর্মকালীন সময়ের সেবামূলক কর্মকাণ্ড সহকর্মী ও সেবাগ্রহীতাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায় অনুষ্ঠানে তার নতুন কর্মস্থলের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করা হয়। পরে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গাইবান্ধা সদর, গাইবান্ধা।