পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার নাঈম (২৫)-এর স্ত্রী। নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে।
রোববার (১২ জুলাই) সকালে নিজ বাড়িতে মিলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈম। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে নাঈম ও মিলির বিয়ে হয়। এরপর তারা স্বাভাবিকভাবেই সংসার করে আসছিলেন। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।