পটুয়াখালীর গলাচিপায় দুরারোগ্য রোগে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে দেশের সেরা ১০ বিজয়ীর তালিকায় স্থান পাওয়া তিন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি উপজেলার ৬৭ জন উপকারভোগীর হাতে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার তুলে দেন।
অনুষ্ঠানে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬-এ উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় পর্যায়ে দেশের সেরা ১০ বিজয়ীর তালিকায় স্থান পাওয়া গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র আবু তালহা এবং দশম শ্রেণির ছাত্র তানজিম আহমেদ ও সোহাইবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “এ অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, পুরো এলাকার গর্ব। শিক্ষার উন্নয়নে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীদের উন্নয়নে সরকারের সহায়তা ও সুদৃষ্টি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবজুর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মারিয়া আক্তার নুর, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও সামাজিক সহায়তার উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।