পাইকগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পাচ্ছেন ৫ শতাধিক রোগী। বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পির সম্মতিতে এই ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
ক্যাম্পে খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষ দল সেবা প্রদান করছেন। তারা দিনভর আগত রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ এবং বিনামূল্যে ওষুধ ও ড্রপ বিতরণ করবেন। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ বাড়ির কাছে এমন উন্নত চোখের চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ এবং বেনজির আহমেদ লাল।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল এবং আবু মুসা সরদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।