গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন ২০২৬ রাত ১০টা ৫ মিনিটে পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খামার বালুয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্বীকৃত মাদক ব্যবসায়ী মো. শাকিব মণ্ডল ওরফে ওহাব (২৮)-এর বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৬ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আরও দুইজন মাহি সরকার (২১) ও তুষার মিয়া (১৯)-কে আটক করা হয়।
আটক শাকিব মণ্ডল খামার বালুয়া গ্রামের মৃত শাহ সুলতান মণ্ডলের ছেলে। মাহি সরকার উপজেলার ডুমুরগাছা এলাকার শেখ আবুল হোসেনের ছেলে এবং তুষার মিয়া পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ি এলাকার জহিরুল বেপারীর ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব মণ্ডল স্বীকার করেন যে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট তিনি বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি ও সেবনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় শাকিব মণ্ডলের বিরুদ্ধে -এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-৩৩) ২৯ জুন ২০২৬ শে দায়ের করা হয়েছে। এছাড়া মাহি সরকার ও তুষার মিয়ার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগে একই আইনের ৩৬(৫) ধারায় পৃথক নন-এফআইআর প্রসিকিউশন (নং-৪০, তারিখ: ২৯ জুন ২০২৬) দাখিল করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।