দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি-র সহকারী একান্ত সচিব (এপিএস) আল মামুন প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রতি-মন্ত্রীর পক্ষে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণিল বেলুন ও ফুলে সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথি দিক- নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
--
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আইয়ুব আলী,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ,যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, যুবনেতা মোঃ জাহিদুল ইসলাম। এই সময়ে উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি আল মামুন বলেছেন,"শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি উপজেলার একটি শিশু ও যেন এই জীবন রক্ষাকারী ক্যাপসুল থেকে বাদ না পড়ে,তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মী,স্বেচ্ছাসেবী এবং অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই শিশুদের এই ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।