চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মারুফুল হক চৌধুরী (মারুফ)।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মারুফুল হক চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁর পুনর্নির্বাচনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্টরা জানান।
পুনরায় দায়িত্ব পাওয়ার পর মারুফুল হক চৌধুরী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “চাম্বল উচ্চ বিদ্যালয়কে আরও আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।”
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে চাম্বল উচ্চ বিদ্যালয় আগামী দিনে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
উল্লেখ্য, চাম্বল উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে বাঁশখালী অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।