গাইবান্ধায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে আটক করেছে পুলিশ। আজ ২৪ জুন বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ভেড়ামারা ব্রিজের পাশে বাঁধে খেলতে গেলে রেস্টুরেন্ট মালিক আমির হোসেন শিশুটিকে কৌশলে জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি দৌড়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের এ ঘটনা জানান। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে রেস্টুরেন্টে অবরুদ্ধ করে রাখেন। সদর থানা পুলিশ অবরুদ্ধ আমির উদ্দিনকে উদ্ধারে ব্যর্থ হলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক আমির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রেস্টুরেন্টিতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট মালিক আমির হোসেনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।