পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় একটি কার্টনের ভেতর থেকে অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকার আকন বাড়ির সামনে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কার্টনের ভেতর একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা গলাচিপা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, গোপনে কোথাও গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ সেখানে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে এবং ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।