লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মোঃ পারভেজ হোসেন (৩৫) নামের এক সচেতন যুবককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় মাদক কারবারিরা। গত সোমবার (২২ জুন, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি সড়কের ওপর এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত পারভেজ হোসেন বাদী হয়ে কমলনগর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন— চর ফলকন এলাকার মোঃ ইউসুফের ছেলে মোঃ তুহিন (২৮) ও মোঃ জহির (৩০), ইউসুফের স্ত্রী শাহিদা বেগম (৫০) এবং মোঃ ইউসুফ (৬০)।
ঘটনার বিবরণী:
এজাহার সূত্রে জানা যায়, ১ ও ২ নং বিবাদী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে আসছিল। এলাকার সচেতন নাগরিক হিসেবে পারভেজ হোসেন বিভিন্ন সময় এর প্রতিবাদ করায় বিবাদীরা তার ওপর ক্ষিপ্ত ছিল। গত সোমবার রাতে পারভেজ একটি বিয়ের বাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে ওত পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে তার পথরোধ করে।

হামলার একপর্যায়ে ১নং বিবাদী তুহিন ধারালো ছোরা দিয়ে পারভেজের মাথার তালুর সামনের অংশে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে (যাতে পরবর্তীতে ৪টি সেলাই লাগে)। ২নং বিবাদী জহির তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এছাড়া ৩ ও ৪ নং বিবাদী লাঠি এবং লোহার রড দিয়ে পারভেজের বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর ফুলা জখম করে। হামলার সময় বিবাদীরা পারভেজের কাছ থেকে নগদ ৭০,০০০/- টাকা ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় লাশ গুম করার হুমকি দেয়।
পরবর্তীতে পারভেজের শোরচিৎকারে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন (রেজিস্ট্রেশন নং-১০৬৬০/৩)। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কমলনগর থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।