June 21, 2026, 2:49 pm
শিরোনাম:
খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!! টি-২০তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ড্রেনের কালো ময়লা পানিতে তাদের জীবিকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু, মধ্যস্থতায় কাতার-পাকিস্তান মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বৃদ্ধাশ্রমে ‘ফলে-গল্পে নবীন-প্রবীণ হৃদ্যতার আড্ডা’ ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেশভাগ ও অনুপ্রবেশ বিষয়ে হুঁশিয়ারি মোদির

ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন গাজীপুর

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চ (3CSR)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 3CSR-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, “আজ আমরা এমন এক সময়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করছি, যখন জলবায়ু পরিবর্তন মানব সভ্যতার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এ সংকট মোকাবিলায় শুধু নীতিনির্ধারণী সিদ্ধান্ত নয়, প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ এবং কার্যকর উদ্যোগ।”
তিনি আরও বলেন, “একটি বৃক্ষ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে স্থাপন করা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং একটি বাসযোগ্য পৃথিবীর ভিত্তি রচনা করা।” তিনি প্রযুক্তি ও প্রকৃতির মধ্যে সুষম সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
উপাচার্য বলেন, বর্তমান সরকার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাতীয় পর্যায়ের এ উদ্যোগ সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার পরিবেশবান্ধব জীবনযাপন, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (আইডাব্লিউই)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম।
সভাপতির বক্তব্যে 3CSR-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ এবং গবেষণাভিত্তিক পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।