June 21, 2026, 2:26 pm

গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে প্রত্যাহার

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে (৩৫) নারী কেলেঙ্কারির অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করে এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আজ ২১ জুন রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন। এর আগে গত ১৭ জুন রাতে এ ঘটনা ঘটে। গত ২০ জুন শুক্রবার রাতে তাকে ক্লোজ করা হয়। গাইবান্ধা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কন্টেন্ট তৈরি করছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে এক নারী কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তার সখ্যতা গড়ে ঊঠে। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন রাতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ওই নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ স্থানীয় লোকজন অবরুদ্ধ করে রাখে। পরে তাদের কাছ থেকে মাদক উদ্ধার হয়। ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এ বিষয়টি ঘটনার দিন প্রকাশ না পেলেও শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ঊঠে। পরে শুক্রবার তাকে প্রত্যাহার করে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, পলাশবাড়ির ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ।