October 8, 2026, 11:27 pm

ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা!

মো: আলাউদ্দীন হিরু, ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি

​চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সিঁড়ির নিচে জহুরুল আনোয়ারের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা জানান, জমি বেচাকেনা ও পারিবারিক কিছু বিষয় নিয়ে গত কিছুদিন ধরে তিনি চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ওই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাশাপাশি জমি-সংক্রান্ত দেওয়ানি মামলা চলমান থাকায় তিনি বেশ মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।”

​ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ার তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে দুই ছেলে বর্তমানে প্রবাসী। বীর মুক্তিযোদ্ধার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।