সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপসী সোনাতলা গ্রামের মরহুম শুকুর মাহমুদ সরকারের সুযোগ্য সন্তান মোঃ আব্দুস ছালাম সুদীর্ঘ কর্মজীবন শেষে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। গত মঙ্গলবার (১৫ জুন,২০২৬) তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। তিনি তাঁর সুদীর্ঘ কর্মজীবনে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ, রায়গঞ্জ,চৌহালী,শাহজাদপুর এবং সর্বশেষ তাড়াশ উপজেলাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রের এই দীর্ঘ ধারাবাহিকতায় তিনি যেখানেই দায়িত্ব পেয়েছিলেন, সেখানেই শিক্ষার পরিবেশের ইতিবাচক রদবদল ও গুণগত মানোন্নয়নে এক অনন্য ভূমিকা রেখেছেন।
চাকরি জীবনে তিনি অত্যন্ত নিয়মানুবর্তিতার পরিচয় দিয়ে প্রতিটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিয়মিত তদারকি ও পরিদর্শন করেছেন। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং বিদ্যালয়ের সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে তিনি সৎ, যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিশ্চিত করেছেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও মেয়ে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর গৃহীত নানামুখী পদক্ষেপ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি তাঁর কর্মজীবনে “করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করেছেন। তাঁর এই স্লোগান ও কর্মস্পৃহা সিরাজগঞ্জের শিক্ষা পরিবার এবং প্রতিটি প্রান্তে এক অন্যরকম প্রেরণা তৈরি করেছে। সিরাজগঞ্জের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও এর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে সদ্য অবসরপ্রাপ্ত এই শিক্ষা কর্মকর্তা বলেছেন,”শিক্ষাই জাতির মেরুদণ্ড। ‘করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের সামনের দিনগুলোতে শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে হবে। অন্যথায় আমাদের প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি ও পুরো শিক্ষাখাত ক্ষতিগ্রস্ত হবে।” একই সাথে তিনি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী দিনগুলোতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার জন্য বর্তমান সরকারের প্রতি বিশেষ আহ্বান ও অনুরোধ জানিয়েছেন। সদ্য অবসরগ্রহণকারী এই শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম শুধু তাঁর জন্মভূমি শাহজাদপুর উপজেলা নয়,বরং গোটা সিরাজগঞ্জ জেলাসহ দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে সব-সময় ভাবেন ও কাজ করেন। আমরা এই গুণী ও কর্মনিষ্ঠ শিক্ষা কর্মকর্তার সমৃদ্ধ কর্ম-জীবন এবং অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সাথে তাঁর সুস্বাস্থ্য,দীর্ঘায়ু এবং অবসরকালীন ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন শুভকামনা করি। এই বিষয়ে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা হলে তারা জানিয়েছেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম স্যার একজন বিনয়ী কর্মকর্তা ছিলেন। সব শেষে তিনি একজন সফল পিতা হিসেবে সমাজে ব্যাপক ভুমিকা অর্জন করেছেন। এই বিষয়ে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম স্যারের অনুভূতি জানতে চাইলে তিনি বলেছেন,আলহামদুলিল্লাহ সফল ভাবে কর্মজীবন পার করতে পেরে মহান আল্লাহ তায়ালার প্রতি লাখো লাখো শুকরিয়া। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।