লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে মিথ্যা ও জাল দলিল দাখিল করে নামজারি খতিয়ান তৈরি করার অপরাধে দুই ভাই-বোনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)।
আজ বুধবার (১৭ জুন) কমলনগর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার নূরনবীর সন্তান নয়ন বেগম ও তার ভাই ইকবাল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলা ভূমি অফিসে মিসকেস মামলার শুনানি চলছিল। এ সময় নয়ন বেগম ও ইকবাল হোসেন আদালতকে বিভ্রান্ত করতে এবং অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে একটি সম্পূর্ণ মিথ্যা ও জাল দলিল দাখিল করেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক যাচাই-বাছাইয়ে দলিলটির জালিয়াতি প্রমাণিত হয়।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সরকারি আদালতে মিথ্যা তথ্য ও জাল নথি উপস্থাপনের অপরাধে নয়ন বেগম ও ইকবাল হোসেন উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভূমি সংক্রান্ত কাজে যেকোনো ধরনের জালিয়াতি এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের আজই জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।