মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলার চন্দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় শারীরিক প্রতিবন্ধী মোসা. কুলসুমের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে উপহার দেওয়া হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) বিকেল ৪ টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন। ঘরটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১ লাখ ৬১ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও সংগঠনে উপদেষ্টা মাস্টার দবির উদ্দিন মোল্লা, সংগঠনের অর্থ সম্পাদক জসিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তনাই মোল্লা, প্রচার সম্পাদক হাসান ঢালী, সহ-কোষাধ্যক্ষ নুরুল আমিন হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ, মেম্বার রিপন সরদার, সাবেক মেম্বার সাদেক ফকির, সমাজ সেবক মজিবুর রহমান হাওলাদার, দ্বীন ইসলাম হাওলাদার, রশিদ মাতুব্বর, কাশেম ফকির, ইমরান হাওলাদার,শাহ আলম খলিফা, হান্নান খান সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের অর্থ সম্পাদক জসিম হাওলাদার বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কুলসুমের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমরা সকলের সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে চাই।”
নতুন ঘর পেয়ে কুলসুম আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্য, শুভাকাংখী ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের জন্য দোয়া ও শুভকামনা করেন।
স্থানীয়রা এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ৫নং ওয়ার্ডের শওকত হাওলাদারকে ১ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ থেকে এক প্রবাসীর মরদেহ দেশে আনতে ১ লক্ষ ১৪ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিয়মিত আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে।