June 10, 2026, 1:00 pm
শিরোনাম:
ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযান: সাড়ে ১৯ কেজি গাঁজাসহ খাগড়াছড়ির ৪ মাদক কারবারি গ্রেফতার ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি রামমূর্তি নির্মাণ প্রকল্পের তদন্ত ও নির্মাণ বন্ধের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন টাঙ্গাইল শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে চিরবিদায়! মায়ের মাথা গোঁজার ঠাঁই হলো না ছেলের নতুন বিল্ডিংয়ে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদে এ্যাড. মৃধা নজরুল কবিরকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ ফরিদপুরে ১৫ কোটির সড়ক ও ৩ ব্রীজ চালুর অপেক্ষায়, ভাগ্য ফিরছে ৪০ গ্রামের মানুষের কেডি খাল নগরবাসীর আশীর্বাদের পরিবর্তে অভিশাপে পরিণত

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ভক্ত-সমর্থকদের সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরলেন লিওনেল মেসি। আর আর্জেন্টিনার জার্সিতে প্রত্যাবর্তনের দিনই গড়লেন নতুন ইতিহাস। ৬৯ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড ভেঙে দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার এখন আর্জেন্টাইন এই মহাতারকা।

বুধবার বাংলাদেশ সময় ভোরে আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ড পরই পেনাল্টি থেকে গোল করে নিজের উপস্থিতি জানান দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ১১৭তম আন্তর্জাতিক গোল। তবে এই গোলের মধ্য দিয়েই তিনি নিজের নাম লেখান নতুন এক কীর্তিতে। ম্যাচটি খেলার সময় মেসির বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৮ দিন, যা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার নতুন রেকর্ড।

এর আগে রেকর্ডটি ছিল কিংবদন্তি ফরোয়ার্ড অ্যাঞ্জেল লাব্রুনার দখলে। ‘এল ফিও’ খ্যাত এই ফুটবলার ১৯৫৭ সালের রোকা কাপে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করেছিলেন। প্রায় সাত দশক পর সেই রেকর্ড ভেঙে দিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধানও কিছুটা কমিয়েছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর গোলসংখ্যা বর্তমানে ১৪৩, আর মেসির ঝুলিতে এখন ১১৭ গোল।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপ বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পর্দা উঠবে।

‘জি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়া এবং ২৮ জুন সকাল ৭টায় জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।