গাজীপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মিনি ট্রাকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) ভোরে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি মিনি ট্রাক থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে মিনি ট্রাক চালক মো. সাকিব মিয়া (৩৪) এবং কসবা উপজেলার বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালনা বাজার এলাকায় মহাসড়কের পূর্ব পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন মিনি ট্রাকটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জয়েরটেক এলাকায় পৃথক অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সুরঞ্জন দাস ইমন, তাপস ও রাকিব। তাদের কাছ থেকে ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশ জয়েরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশি মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান আরও বেগবান করা হবে।