পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আমখোলা ও চরকাজল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে বজ্রাঘাতে রিয়াজ হাওলাদার (৩০) নিহত হন। তিনি ওই গ্রামের খলিল হাওলাদারের ছেলে। বজ্রপাতের সময় তিনি বাড়ির উঠানে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে, একই দিনে চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল এলাকার ২ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন সরদার (৫০) বজ্রপাতে নিহত হন। তিনিও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আমখোলা ও চরকাজল এলাকায় বজ্রপাতে আহত দুইজন কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ গলাচিপায় আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।