October 9, 2026, 3:10 am

বাঁকাই মধ্যপাড়া তিন রাস্তা মোড় থেকে বাঁকাই উত্তর পাড়া মুজা মুহুরীর বাড়ি পর্যন্ত সড়ক চরম ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা-

​মোঃ সেলিম উদ্দিন, জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের বাঁকাই মধ্যপাড়া তিন রাস্তার মোড় থেকে বাঁকাই উত্তর পাড়া মুজা মুহুরীর বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়কটি এখন হাজারো মানুষের চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে এটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ​এই জনদুর্ভোগের অবসান ও রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবিতে শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, পথচারী, নারী-পুরুষ, কৃষক ও যানবাহন চালকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

শিক্ষার্থীদের ঝুঁকি: সড়কটি দিয়ে প্রতিদিন বাঁকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত কোমলমতি শিক্ষার্থী যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই কাদার কারণে পা পিছলে পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ও জামা-কাপড় নষ্ট হয়, ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। কৃষকদের লোকসান: রাস্তাটি কাঁচা থাকায় স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছেন না। ফলে তারা চরম অর্থনৈতিক লোকসানের মুখে পড়ছেন। যাতায়াত ও চিকিৎসা ব্যাহত: কাদা ও খানাখন্দের কারণে অটোরিকশা কিংবা জরুরি চিকিৎসার গাড়ি যাতায়াত করতে পারছে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব আলী মন্ডল, বাঁকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম স্যার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হোসাইন। উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডা: মোঃ মফিজ উদ্দিন চিশতি। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুর রহমান ও মোঃ বখতিয়ার স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির কারণে পুরো এলাকার উন্নয়ন থমকে আছে। দীর্ঘদিন ধরে দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ​স্থানীয় এলাকাবাসী জনস্বার্থ বিবেচনা করে এবং দ্রুত জনদুর্ভোগ লাঘব করতে মেলান্দহ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ ও সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন।