কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে স্থানীয় খাদ্য গুদাম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উপজেলা কমিটির সভাপতি আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য এবং উপজেলা সংগ্রহ কমিটির প্রধান উপদেষ্টা মো. ফরিদুল কবির তালুকদার শামীম। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা বোরো ধান-চাল সংগ্রহ কমিটির সদস্য সচিব শামসুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, কৃষক মোয়াজ্জেম হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্যবান্ধব ও কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে আরও এগিয়ে যাচ্ছে।”
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় ১,৮১৬ মেট্রিক টন বোরো ধান এবং ৮৫৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা (প্রতি মণ ১,৪৪০ টাকা) এবং প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং কৃষি খাত আরও শক্তিশালী হবে।