October 8, 2026, 8:45 pm

গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ে ডুবে গেল ভিজিএফের চালবোঝাই দুই নৌকা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া সরকারি ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা আকস্মিক ঝড় ও দমকা হাওয়ায় ডুবে গেছে। তবে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত উদ্যোগে চালের বস্তাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।
‎বৃহস্পতিবার (২১ মে) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার রাতে চালগুলো নৌকায় তোলা হয়েছিল এবং সেগুলো ঘাট এলাকায় রাখা ছিল। সকালে হঠাৎ বৈরী আবহাওয়া ও দমকা হাওয়ার কারণে নৌকা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের কাছেই পানিতে ডুবে যায়।
‎ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা সরকারি ভিজিএফের চাল ছিল। ঈদ উপলক্ষে এসব চাল উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের পরিকল্পনা ছিল।
‎ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় জেলে, নৌকার মাঝি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার কাজে অংশ নেন। সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে যাওয়া চালের বস্তাগুলো তীরে তুলে আনা হয়।
‎ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন,
‎স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস চালের বস্তাগুলো উদ্ধার করেছে। সবগুলো বস্তা উদ্ধার হয়েছে কি না, তা হিসাব-নিকাশ শেষে নিশ্চিত হওয়া যাবে।
‎প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চাল প্রয়োজনীয়ভাবে শুকিয়ে পরে নির্ধারিত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ডুবে যাওয়া নৌকা দুটি উদ্ধারের কাজও চলমান রয়েছে।
‎স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, সময়মতো উদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
‎এদিকে, চাল উদ্ধারের প্রকৃত পরিমাণ এবং নৌকার ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা প্রশাসন তদন্ত কার্যক্রম শুরু করেছে।