গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক ছিনতাই মামলার অভিযুক্ত দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাকিবুল হাসান ওরফে রাকিব (৩০)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১১টি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার গাজীপুর মহানগরীর লক্ষীপুরা তিন সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন ডিএমপি সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়, যা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান ওরফে রাকিব সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার চকশিয়ালকোনা গ্রামের বাসিন্দা। সে মো. আবুবকর সিদ্দিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন ডিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অভিযান পরিচালনা করে ১১টি মামলার এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাকি দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে মহানগরজুড়ে অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাস, মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।