কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ” প্রকল্পের আওতায় গতকাল রোববার কুমিল্লার বরুড়া উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন, শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ১৩৬টি কৃষক গ্রুপ গঠন করা হয়েছে। এসব গ্রুপে শতকরা ৩০ ভাগ নারী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান জলাবদ্ধতা, মাটির অম্লতা বৃদ্ধি, কৃষিখাতে শ্রমিক সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বর্তমানে বরুড়ার কৃষিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এসব সংকট মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রকল্পের আওতায় কৃষক গ্রুপগুলোর মধ্যে এলএলপি, ক্যানভাস হোস পাইপ, ধান কাটার মেশিন, ভুট্টা মাড়াই যন্ত্র, ধান মাড়াই যন্ত্র, ন্যাপস্যাক হ্যান্ড স্প্রেয়ার, ফুট পাম্প ও বেড প্ল্যান্টারসহ বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ধান কাটার মেশিন ও ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণের মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাই ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে। আগামী বছরগুলোতেও কৃষকদের মাঝে আরও আধুনিক যন্ত্রপাতি সরবরাহে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।