গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ মেলা শুরু হবে, যা চলবে ২১ মে পর্যন্ত।
তিনি আরও জানান, এর অংশ হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী দিনে ৩৬ জন ভূমিহীন পরিবারের মাঝে ভূমি বন্দোবস্ত প্রদান করা হবে। ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাকে আরও সহজ ও আধুনিক করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান উত্তোলন, নামজারি ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। এবারের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।