বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনার সুফল জনগণের কাছে তুলে ধরতে ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) দুপুরে ঝালকাঠি জেলা তথ্য অফিস মিলনায়তনে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়ন, পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীবান্ধব পরিবহন সুবিধা চালুর উদ্যোগ উল্লেখযোগ্য।
এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান, সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফের মতো পদক্ষেপ কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করা হয়।
বক্তারা আরও বলেন, সরকারের এসব উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন।
প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কর্মকর্তারা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন।