মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিতকরণ ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি উপজেলার মিনি অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “টেকসই উন্নয়নের জন্য এলজিইডির কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কালকিনি ও ডাসার উপজেলার প্রতিটি গ্রামীণ জনপদকে আধুনিক অবকাঠামোর আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।”

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো: রেজাউল করিম। সভায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডি মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী জনাব বাদল চন্দ্র কীর্ত্তনীয়া ও মাদারীপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জনাব এস. এম. ইয়াফি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলাউদ্দিন তালুকদার।

সভায় বক্তারা কালকিনি ও ডাসার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, নতুন ব্রিজ নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কাজের মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলজিইডির উন্নয়ন অংশীজন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।