৬ মে মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের আসল পরিচয়পত্র (MyKad) ব্যবহার করে সরকারের দেওয়া বিশেষ ভর্তুকিযুক্ত পেট্রোল কেনার অপরাধে মো. জাকির হোসেন (৫০) নামের এক বাংলাদেশি কর্মীকে ১০ হাজার মালয়েশিয়ান রিংগিত জরিমানা করেছে দেশটির একটি আদালত। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার বেশি।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন কুয়ালালামপুরের জালান পাহাং এলাকার একটি পেট্রোল স্টেশনে সহকারী হিসেবে কাজ করতেন। তিনি অন্য দুই মালয়েশিয়ান নাগরিকের পরিচয়পত্র অবৈধভাবে ব্যবহার করে সরকারের ‘বুডি ৯৫’ (BUDI95) প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে পেট্রোল কিনতেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিলের মধ্যে তিনি এই অপরাধ সংঘটিত করেন।
সম্প্রতি এক মালয়েশিয়ান নাগরিক তার ভর্তুকিযুক্ত পেট্রোলের ব্যালেন্স হঠাৎ কমে যেতে দেখলে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে পেট্রোল স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত জাকির হোসেনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার ভাড়া করা কক্ষ থেকে ভুক্তভোগীদের পরিচয়পত্রগুলো উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (৫ মে) কুয়ালালামপুরের ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আইনা আজাহরা আরিফিন দুটি ভিন্ন অভিযোগে অভিযুক্ত জাকিরকে প্রতিটির জন্য ৫ হাজার রিংগিত করে মোট ১০ হাজার রিংগিত জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে ১৪ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলেও পরবর্তীতে তিনি জরিমানার পুরো অর্থ পরিশোধ করেন।
এ ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত অন্যান্য বিদেশি নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ভর্তুকিযুক্ত জ্বালানি তেল বিদেশিদের জন্য নয়—এবং এই ধরনের অপরাধ ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।