May 4, 2026, 12:51 pm
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে নায়েব আলীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা শাহজাদপুরে পিআইও আবুল কালাম আজাদ পাবনায় দুদকের হাতে গ্রেপ্তার ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ওপর ৬১ কোটির ব্রিজ: ৪ ইউনিয়নের মানুষের ভাগ্য বদলের অপেক্ষায় ৯৯৯–এ ফোন পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের ঝটিকা অভিযান, কামারখোলা গ্রাম থেকে আটক ৪; পলাতকদের খোঁজে অভিযান বিশ্ব গনমাধ্যম দিবসে সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিকদের র‍্যলী সুন্দরগঞ্জের শান্তিরামে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত কলরেকর্ড এডিট করে গণমাধ্যমে ভাইরাল, শ্রমিকদলের সভাপতির প্রতিবাদ পাইকগাছায় সুদখোরের অত্যাচারে সর্বস্বান্ত হওয়ার পথে পরিবার ফরিদপুরে হামের প্রকোপে এক শিশুর মৃত্যু হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে: ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কিলোমিটার খাল খননের মহোৎসব শুরু

৯৯৯–এ ফোন পেয়ে ভোরে চান্দিনা থানা পুলিশের ঝটিকা অভিযান, কামারখোলা গ্রাম থেকে আটক ৪; পলাতকদের খোঁজে অভিযান

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে মারধর করে আটক করে এক গৃহবধূকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মাদারপুর গ্রাম থেকে এক দম্পতি হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কামারখোলা–এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে মারধর করে জিম্মি করে রাখে এবং তার স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, গৃহবধূকে একটি নির্জন স্থানে আটকে রেখে সারা রাত পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। দীর্ঘ সময় ধরে স্ত্রীকে না পেয়ে অসহায় স্বামী বিষয়টি আত্মীয়-স্বজনদের জানান। পরে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলের আশপাশে অভিযান শুরু করে। ভোর প্রায় ৫টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন—
মো. আশিক (পিতা: শাহজাহান),
মো. মেহেদী হাসান তারেক (পিতা: আলমগীর হোসেন),
মো. আরিফ (পিতা: আলমাছ)
এবং মো. ইসমাইল (পিতা: জয়নাল)।
তারা সবাই কামারখোলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।