শ্রমিকের ঘাম ও পরিশ্রমেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব। শ্রমিকদের অধিকার নিশ্চিত করলেই আগামীর বাংলাদেশ আরও এগিয়ে যাবে।” — এমন মন্তব্য করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: ফরিদুল কবীর তালুকদার শামীম।‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত — আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রমিকদের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখরিত ছোট ছোট মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হন।পরে সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস আফরোজা আফসানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো: ফরিদুল কবীর তালুকদার শামীম।
“শ্রমিকদের ঘামেই গড়ে উঠবে উন্নত সরিষাবাড়ী”
প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন,“এক সময় সরিষাবাড়ীতে ২৬টি পাটকল সচল ছিল। সেখানে প্রায় ২২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ছিল।সেই পাটকলগুলো আজ হারিয়ে গেছে, যা অত্যন্ত দুঃখজনক। শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,“শ্রমিকরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি সবসময় পাশে থাকবো।”
এ সময় তিনি সরিষাবাড়ীর শিল্পখাত পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে বলেন,“শিল্প-কারখানা চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব কমবে এবং এলাকার অর্থনীতি আরও শক্তিশালী হবে। শ্রমিকদের সম্মান ও অধিকার রক্ষা করাই হবে আমাদের অঙ্গীকার।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোর্শেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা বিএনপির সভাপতি আজিমুদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন, তারাকান্দি যমুনা সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় শ্রমিক নেতারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবি জানান। তারা বলেন, শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।